রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন বলে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড আশাবাদী—এমনটাই জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শনিবার (৬ ডিসেম্বর) বেগম খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থা নিয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে এবং তারা আশাবাদী যে তিনি সুস্থ হয়ে উঠবেন।
ডা. জাহিদ হোসেন জানান, বেগম জিয়ার চিকিৎসা সমন্বয়ের জন্য তার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান সার্বক্ষণিক মেডিকেল বোর্ডের সঙ্গে আলোচনা ও তদারকি করছেন। এছাড়া তারেক রহমানও সার্বক্ষণিক তদারকি করছেন এবং চিকিৎসকদের নির্দেশনাকে অগ্রাধিকার দিচ্ছেন।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বিদেশে নেওয়ার বিষয়টি বিলম্বিত হচ্ছে উল্লেখ করে বলেন, “বিদেশে নেওয়াটা ওনার শারীরিক অবস্থার ওপর নির্ভরশীল।” তিনি জানান, আগে বিদেশে নেওয়ার সিদ্ধান্তের কথা বলা হলেও কাতার এয়ার অ্যাম্বুলেন্স আসতে পারেনি। এছাড়াও মেডিকেল বোর্ডের মতে, বেগম জিয়াকে এখনই বিদেশে নেওয়া সম্ভব নয়।
ডা. জাহিদ হোসেন আরও বলেন, “১২-১৪ ঘণ্টা জার্নি করে বিদেশে নেওয়ার সক্ষমতা এখন হয়নি। স্বাস্থ্যের উন্নতি হলে বেগম জিয়াকে বিদেশে নেওয়া হবে।” একইসঙ্গে তিনি সোশ্যাল মিডিয়ায় ছড়ানো বিভিন্ন গুজব নিয়ে সতর্ক করেন এবং গুজব ছড়িয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।