ঢাকা অফিস • প্রকাশিত: ১২ ডিসেম্বার ২০২৫, ০৭:৪৬ এ এম • অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার চিকিৎসা চলছে নিবিড় পর্যবেক্ষণে: মেডিকেল বোর্ড

খালেদা জিয়ার চিকিৎসা চলছে নিবিড় পর্যবেক্ষণে: মেডিকেল বোর্ড

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা সর্বোচ্চ পেশাদার দক্ষতা, সতর্কতা ও আন্তরিকতার সঙ্গে পরিচালিত হচ্ছে বলে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম জানিয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর ১টায় এভারকেয়ার হাসপাতালের অধ্যাপক ডা. শাহাবউদ্দিন তালুকদার স্বাক্ষরিত একটি বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

বিবৃতি অনুযায়ী, গত কয়েক দিনের পরীক্ষা-নিরীক্ষায় খালেদা জিয়ার শারীরিক অবস্থায় বেশ কিছু জটিলতা ধরা পড়ে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো শ্বাসকষ্ট বেড়ে যাওয়া, রক্তে অক্সিজেনের মাত্রা কমে যাওয়া এবং কার্বন ডাই-অক্সাইডের মাত্রা বৃদ্ধি। এসব জটিলতা দেখা দেওয়ায় প্রথমে তাঁকে হাই-ফ্লো ন্যাজাল ক্যানুলা ও বাইপ্যাপ সাপোর্ট দেওয়া হয়।

তবে অবস্থার উন্নতি না হওয়ায়, ফুসফুসসহ অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গকে বিশ্রাম দিতে তাঁকে 'ইলেক্টিভ ভেন্টিলেটর সাপোর্টে' নেওয়া হয়েছে। মেডিকেল বোর্ড আরও জানায়, তিনি একিউট প্যানক্রিয়েটাইটিসেও ভুগছেন। বর্তমানে তাঁকে উন্নত অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিফাঙ্গাল চিকিৎসা, নিয়মিত ডায়ালাইসিস এবং রক্ত ও রক্তের বিভিন্ন উপাদান ট্রান্সফিউশন দেওয়া হচ্ছে।

বিবৃতিতে জানানো হয়, সব চিকিৎসার পরও জ্বর না কমায় এবং ইকোকার্ডিওগ্রাফিতে ধমনীর ভালভে সমস্যা দেখা দেওয়ায় চিকিৎসকরা পরীক্ষা করে 'ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস' রোগটি শনাক্ত করেন। এরপর দেশি-বিদেশি বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী তাঁর চিকিৎসা শুরু করা হয়েছে।

মেডিকেল বোর্ড আরও জানিয়েছে যে, খালেদা জিয়ার প্রতিদিনের শারীরিক অবস্থা নিবিড় পর্যবেক্ষণে রাখা হচ্ছে। একইসঙ্গে তাঁর চিকিৎসা সংক্রান্ত কোনো অনুমান বা ভুল তথ্য প্রচার না করার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।