ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম। রাজধানী তেহরানের গ্র্যান্ড মাসাল্লায় আয়োজিত এ অনুষ্ঠানে তিনি বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে শোকসন্তপ্ত ইরানি জনগণের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকানুষ্ঠানে স্পিকার প্রয়াত নেতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন। পরে তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ দেশটির শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশের শোকবার্তা পৌঁছে দেন। একই সঙ্গে অনুষ্ঠানে সংরক্ষিত শোক বইতেও স্বাক্ষর করেন।
এর আগে তেহরানে পৌঁছালে স্পিকারকে বিমানবন্দরে স্বাগত জানান ইরানের ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবাই। সফরের অংশ হিসেবে তিনি ইরানের ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন।
বৈঠকে হাফিজ উদ্দিন আহমদ প্রয়াত ইরানি নেতার হত্যাকাণ্ডের নিন্দা জানান এবং বাংলাদেশ ও ইরানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ, সাংস্কৃতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি সাম্প্রতিক ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পাদিত শান্তি সমঝোতা বাস্তবায়নে গালিবাফের ভূমিকার প্রশংসা করে বলেন, এ উদ্যোগ মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সহায়ক হবে। সংলাপ ও কূটনীতির মাধ্যমে বিরোধ নিষ্পত্তির পক্ষেও বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি।
দুই দেশের সংসদীয় সম্পর্ক আরও শক্তিশালী করতে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান বাংলাদেশের স্পিকার।
সফরকালে ইরানের ক্রীড়ামন্ত্রী আহমাদ দুনিয়ামালীর সঙ্গেও বৈঠক করেন হাফিজ উদ্দিন আহমদ। বৈঠকে ইরানের ক্রীড়ামন্ত্রী দেশে ক্রিকেটের উন্নয়নে বাংলাদেশের সহযোগিতা কামনা করেন এবং ক্রীড়া খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে একটি সমঝোতা স্মারক সইয়ের আগ্রহ প্রকাশ করেন। এ বিষয়ে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন বলে স্পিকার জানান।
এ ছাড়া ইরান রেডিওর বাংলা বিভাগের সঙ্গে এক সাক্ষাৎকারে স্পিকার বাংলাদেশ-ইরান সম্পর্ক, আঞ্চলিক সহযোগিতা এবং ইরানে বসবাসরত বাংলাদেশিদের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। তিনি প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসের সেবার মান আরও উন্নত করতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণের আশ্বাস দেন।