এখন সময় ডেস্ক • প্রকাশিত: ০৬ জানুয়ারী ২০২৬, ০৯:১৬ পিএম • অনলাইন সংস্করণ

খাবার ও মানুষের গল্পে নিউইয়র্ক জয়ের অঙ্গীকার জোহরান মামদানীর

খাবার ও মানুষের গল্পে নিউইয়র্ক জয়ের অঙ্গীকার জোহরান মামদানীর

নিউ ইয়র্কের নতুন মেয়রের অভিষেক অনুষ্ঠানে উঠে এল শহরের বৈচিত্র্যময় খাদ্যাভ্যাস আর সাধারণ মানুষের জীবন সংগ্রামের গল্প। বৃহস্পতিবার নিজের উদ্বোধনী বক্তৃতায় জোহরান মামদানী নিউইয়র্ককে চেনার ও ভালোবাসার মাধ্যম হিসেবে খাবারকে প্রাধান্য দিয়েছেন। তার বক্তব্যে ফুটে উঠেছে বোডেগা স্যান্ডউইচ থেকে শুরু করে চিকেন বিরিয়ানির মতো খাবারের প্রতি গভীর অনুরাগ।

মামদানী তার শৈশবের স্মৃতি রোমন্থন করে বলেন, নিউ ইয়র্ক এমন এক শহর যেখানে তিনি সকার গেমের বিরতিতে ডোনাট খেয়েছেন এবং করনেট পিজ্জার বিশাল স্লাইস সাবাড় করেছেন। তিনি নিজেকে এমন একজন মুসলিম কিশোর হিসেবে বর্ণনা করেছেন যে প্রতি রবিবার নিয়ম করে ব্যাগেল ও লক্স খেয়ে বড় হয়েছে। তার মতে, খাবার শুধু উদরপূর্তির মাধ্যম নয়, বরং এটি মানুষের পরিচয় এবং সাংস্কৃতিক ঐক্যের প্রতীক।

মেয়র হিসেবে তার দৃষ্টিভঙ্গিতে খাবার কেবল স্বাদের বিষয় নয়, বরং এটি অর্থনৈতিক মুক্তির অন্যতম হাতিয়ার। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নাগালের মধ্যে রাখতে তিনি সরকারি মালিকানাধীন সুপারমার্কেট তৈরির প্রস্তাব দিয়েছেন। তার বক্তৃতায় উঠে এসেছে সেইসব মানুষদের কথা যারা বিরিয়ানি থেকে শুরু করে পেস্ট্রামি তৈরি করে শহরবাসীকে রসদ জোগান। তিনি বিশেষভাবে শ্রদ্ধা জানিয়েছেন হালাল কার্ট বিক্রেতা এবং মসলা নিয়ে কাজ করা বাবুর্চিদের, যারা দিনরাত পরিশ্রম করে নিউ ইয়র্ককে সচল রেখেছেন।

মামদানী বিশ্বাস করেন, যারা সাবওয়ে চালায় বা পার্ক পরিষ্কার করে, আর যারা আমাদের হরেক পদের খাবার খাওয়ায়— নিউ ইয়র্ক শহরটি মূলত তাদেরই। স্টিলপ্যানের সুর আর সানকোচোর সুগন্ধের মিশেলে এক অনন্য সাম্যের শহর গড়ার ডাক দিয়েছেন তিনি।