এখন সময় ডেস্ক • প্রকাশিত: ২৯ অক্টোবার ২০২৫, ১১:০৩ পিএম • অনলাইন সংস্করণ

খাদ্য সহায়তা কমানোর সিদ্ধান্তে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ২৫ অঙ্গরাজ্যের মামলা

খাদ্য সহায়তা কমানোর সিদ্ধান্তে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ২৫ অঙ্গরাজ্যের মামলা

ট্রাম্প প্রশাসনের পরিকল্পিত খাদ্য সহায়তা কমানোর সিদ্ধান্ত ঠেকাতে মঙ্গলবার একযোগে মামলা করেছে যুক্তরাষ্ট্রের ২৫টি ডেমোক্র্যাট পরিচালিত অঙ্গরাজ্য ও ওয়াশিংটন ডিসি। মামলায় বলা হয়েছে, প্রশাসনের পদক্ষেপটি “অবৈধ” এবং এর ফলে সপ্তাহান্তে কোটি কোটি মানুষ তাদের প্রয়োজনীয় খাদ্য সহায়তা থেকে বঞ্চিত হতে পারেন।

ডেমোক্র্যাট অ্যাটর্নি জেনারেল ও গভর্নরদের এই জোটের অভিযোগ, ট্রাম্প প্রশাসন ‘সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিসট্যান্স প্রোগ্রাম’ (SNAP)— যা সাধারণভাবে ‘ফুড স্ট্যাম্প’ নামে পরিচিত— এর বিলিয়ন ডলারের সহায়তা বন্ধ করতে চাচ্ছে।

মামলায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ (USDA), যারা ৪২ মিলিয়ন আমেরিকানের জন্য এই কর্মসূচি পরিচালনা করে, তারা “SNAP সুবিধাভোগীদের জন্য বরাদ্দ থাকা তহবিল ব্যয় না করে অনির্দিষ্টকালের জন্য সব সহায়তা স্থগিত করতে পারে না।”

প্রশাসনের ব্যাখ্যা

ট্রাম্প প্রশাসনের দাবি, চলমান ফেডারেল সরকার বন্ধ (shutdown) থাকায় তারা বিদ্যমান ‘কন্টিনজেন্সি ফান্ড’ ব্যবহার করে শনিবারের পরের খাদ্য সহায়তা দেওয়া সম্ভব নয়। গত সপ্তাহে কৃষি বিভাগের এক স্মারকে বলা হয়, “নিয়মিত বাজেট বরাদ্দ শেষ হয়ে যাওয়ায় কন্টিনজেন্সি ফান্ড ব্যবহার করে ২০২৬ অর্থবছরের সুবিধা দেওয়া যাবে না।”

সরকার বন্ধের এক মাস পূর্তির মুখে পৌঁছানোয় ওয়াশিংটনজুড়ে উদ্বেগ বেড়েছে। আশঙ্কা করা হচ্ছে, কয়েক কোটি আমেরিকান খাদ্য সহায়তা হারাতে পারেন, যা হবে চলমান শাটডাউনের সবচেয়ে বড় সামাজিক প্রভাব।

রাজনৈতিক অচলাবস্থা

দুই দলের শীর্ষ নেতারাই স্বীকার করেছেন, এই সংকট সাধারণ মানুষের ওপর গভীর প্রভাব ফেলবে। প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন মঙ্গলবার এক ফোনালাপে নিজ দলের সদস্যদের সতর্ক করে বলেছেন, “খুব শিগগিরই মানুষের কষ্ট আরও বাড়তে যাচ্ছে।”

সেনেটের ডেমোক্র্যাটরা এখন পর্যন্ত ১৩ বার রিপাবলিকানদের অর্থায়ন বিল আটকে দিয়েছেন, কারণ সেখানে স্বাস্থ্যসেবা ভর্তুকি সম্প্রসারণের দাবি অন্তর্ভুক্ত করা হয়নি। রিপাবলিকান নেতারা আবার বলছেন, সরকার পুনরায় চালু না হওয়া পর্যন্ত এই বিষয়ে আলোচনা সম্ভব নয়। ফলে দুই দলের মধ্যে তীব্র অচলাবস্থা তৈরি হয়েছে।

ডেমোক্র্যাটরা অভিযোগ করেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইচ্ছাকৃতভাবে খাদ্য সহায়তা বন্ধ করে রাজনৈতিক চাপ সৃষ্টি করতে চাইছেন। তাঁদের ভাষায়, “তিনি খাদ্য সহায়তাকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছেন।”

USDA’র অবস্থান

মামলা দায়েরের পরপরই কৃষিমন্ত্রী ব্রুক রলিনস সিএনএন–কে বলেন, নভেম্বর মাসের SNAP সুবিধা দিতে প্রয়োজন প্রায় ৯.২ বিলিয়ন ডলার, কিন্তু কন্টিনজেন্সি ফান্ডে তার কাছাকাছিও অর্থ নেই।

রলিনস বলেন, “সরকার খোলা না হলে এই টাকা দেওয়া সম্ভব নয়। কেবল একটি ‘কন্টিনিউয়িং রেজোলিউশন’-এ সম্মতি জানালেই সরকার চালু হবে এবং রাজ্যগুলোতে অর্থ পাঠানো যাবে।”

তবে ডেমোক্র্যাটরা তথাকথিত এই “ক্লিন কন্টিনিউয়িং রেজোলিউশন”–এর বিরোধিতা করছেন, কারণ রিপাবলিকানরা এখনো স্বাস্থ্যসেবা ভর্তুকি নিয়ে আলোচনায় রাজি হয়নি।

মামলার অগ্রগতি

এই মামলা ম্যাসাচুসেটসের ফেডারেল কোর্টে দায়ের করা হয়েছে। আদালতের নথি অনুযায়ী, মামলাটি বরাদ্দ হয়েছে বিচারপতি ইন্দিরা তালওয়ানির কাছে, যিনি ২০১৪ সালে ওবামা প্রশাসনের মনোনয়নে সর্বসম্মতিক্রমে সিনেটের অনুমোদন পান।

মামলায় উল্লেখ করা হয়েছে, চলতি বছরের মার্চে পাস হওয়া ব্যয় বিলের মাধ্যমে কংগ্রেস SNAP–এর জন্য বিশেষভাবে ৬ বিলিয়ন ডলারের কন্টিনজেন্সি ফান্ড অনুমোদন করেছিল। USDA–র ওয়েবসাইটেও সেপ্টেম্বরে বলা হয়েছিল, সরকার বন্ধ হলে এই তহবিল ব্যবহার করেই সুবিধা প্রদান অব্যাহত রাখা হবে।

 ডেমোক্র্যাটদের বক্তব্য

উত্তর ক্যারোলাইনার অ্যাটর্নি জেনারেল জেফ জ্যাকসন এক সংবাদ সম্মেলনে বলেন, “ট্রাম্প প্রশাসন রাজনৈতিক খেলা খেলতে গিয়ে সাধারণ মানুষের খাদ্য সুবিধা বন্ধ করছে।”

তিনি আরও বলেন, “তাদের কাছে অর্থ রয়েছে, কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে মানুষের কষ্ট বাড়াচ্ছে। এটি অন্যায় এবং বেআইনি।”

তথ্যসূত্রঃ সিএনএন