প্রকাশিত: ০৫ জুলাই ২০২৬, ১০:১৮ পিএম • অনলাইন সংস্করণ

ক্ষেপণাস্ত্র পরীক্ষা, নৌ-সামরিক শক্তি বাড়ানোর বার্তা উত্তর কোরিয়ার

ক্ষেপণাস্ত্র পরীক্ষা, নৌ-সামরিক শক্তি বাড়ানোর বার্তা উত্তর কোরিয়ার

উত্তর কোরিয়া অত্যাধুনিক যুদ্ধজাহাজ থেকে কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন অস্ত্রের সফল মহড়া চালিয়েছে। দেশটির সদ্য নির্মিত পাঁচ হাজার টনের ডেস্ট্রয়ার ‘কাং কন’ থেকে এ পরীক্ষা পরিচালিত হয়। রোববার (৫ জুলাই) তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানায়, দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের উপস্থিতিতে শুক্রবার এ সামরিক মহড়া অনুষ্ঠিত হয়। এতে কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র, নৌকামান, স্বয়ংক্রিয় বন্দুক এবং ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জামের কার্যকারিতা পরীক্ষা করা হয়।

পরীক্ষা শেষে কিম জং উন যুদ্ধজাহাজটিকে আগামী দুই মাসের মধ্যে আনুষ্ঠানিকভাবে উত্তর কোরিয়ার নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেন। একই সঙ্গে তিনি দেশের সামুদ্রিক প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে আধুনিক অস্ত্রব্যবস্থার উন্নয়ন ও যুদ্ধ প্রস্তুতি জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

কেসিএনএ জানায়, ‘কাং কন’ ডেস্ট্রয়ারটি প্রথমবার পানিতে নামানোর সময় একটি দুর্ঘটনার মুখে পড়েছিল। পরে প্রয়োজনীয় সংস্কার শেষে গত বছরের জুনে যুদ্ধজাহাজটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এদিকে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, শুক্রবার উত্তর কোরিয়ার পূর্ব উপকূলের দিকে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনা তারা শনাক্ত করেছে। ক্ষেপণাস্ত্রটি নতুন ডেস্ট্রয়ার থেকেই ছোড়া হয়েছে বলে তাদের প্রাথমিক মূল্যায়ন।

দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, এ ঘটনার প্রকৃতি, ব্যবহৃত অস্ত্রব্যবস্থা এবং এর সামরিক তাৎপর্য নিয়ে সিউল ও ওয়াশিংটন যৌথভাবে বিশ্লেষণ করছে।

আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, নতুন ডেস্ট্রয়ারে স্থাপিত বিভিন্ন অস্ত্রব্যবস্থার কার্যক্ষমতা যাচাই এবং যুদ্ধ পরিস্থিতিতে সেগুলোর সমন্বিত ব্যবহার নিশ্চিত করাই ছিল এ পরীক্ষার মূল উদ্দেশ্য। উত্তর কোরিয়ার নেতৃত্বের দাবি, দেশের প্রতিরোধক্ষমতা ও যুদ্ধ প্রস্তুতি আরও শক্তিশালী করতেই এ ধরনের সামরিক মহড়া অব্যাহত থাকবে।