কেনিয়ার উপকূলীয় অঞ্চল দিয়ানি থেকে মাসাই মারা ন্যাশনাল পার্কের উদ্দেশে যাত্রা করা একটি ছোট যাত্রীবাহী বিমান ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে। এতে বিমানে থাকা ১২ আরোহীর সবাই নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার দিকে বিমানটি দিয়ানি বিমানঘাঁটি থেকে উড্ডয়নের কয়েক মিনিট পরেই বিধ্বস্ত হয়। কেনিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (কেসিএএ) এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বিমানে ১২ জন আরোহী ছিলেন। তবে কতজন যাত্রী ও কতজন ক্রু ছিলেন তা এখনো নিশ্চিত নয়।
স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি ও সিএনএন জানিয়েছে, দিয়ানি থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে কোয়ালে কাউন্টির একটি পাহাড়ি বনাঞ্চলে বিমানটি বিধ্বস্ত হয় এবং আগুনে পুড়ে যায়। ঘটনাস্থলে পাওয়া গেছে বিমানের ধ্বংসাবশেষ।
কোয়ালে কাউন্টি কমিশনার স্টিফেন ওরিন্দে জানান, বিমানে থাকা অধিকাংশ আরোহী বিদেশি পর্যটক ছিলেন। তাদের জাতীয়তা পরে জানানো হবে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে কেসিএএসহ বিভিন্ন সরকারি সংস্থা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভোরের দিকে একটি প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনার পর ঘটনাস্থলে গিয়ে তারা জ্বলে যাওয়া বিমানের ধ্বংসাবশেষ ও নিহতদের মরদেহ দেখতে পান।
কেনিয়ার জনপ্রিয় পর্যটন কেন্দ্র মাসাই মারা ন্যাশনাল রিজার্ভে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।
এর আগে চলতি বছরের আগস্টে নাইরোবির উপকণ্ঠে চিকিৎসা সহায়তা সংস্থা অ্যামরেফের একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হন। কেনিয়ায় ছোট বিমান দুর্ঘটনা তুলনামূলকভাবে ঘন ঘন ঘটছে, যা দেশটির বিমান নিরাপত্তা ব্যবস্থাকে নতুন করে প্রশ্নবিদ্ধ করেছে।