ঢাকা অফিস • প্রকাশিত: ০৫ জানুয়ারী ২০২৬, ০৫:০১ এ এম • অনলাইন সংস্করণ

কারওয়ান বাজারে মোবাইল ব্যবসায়ীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ

কারওয়ান বাজারে মোবাইল ব্যবসায়ীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ

মোবাইল ব্যবসায়ীদের সাথে পুলিশের দফায় দফায় রাজধানীর কারওয়ান বাজার মোড়ে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার বা এনইআইআর ব্যবস্থা চালুর প্রতিবাদে বিক্ষোভ করতে গিয়ে পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষে জড়িয়েছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। রোববার দুপুর দেড়টার পর থেকে শুরু হওয়া এই সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

সকাল সাড়ে ১০টা থেকেই মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ বা এমবিসিবির ব্যানারে ব্যবসায়ীরা সার্ক ফোয়ারা মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি শুরু করেন। এতে বসুন্ধরা থেকে কারওয়ান বাজার পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন। বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ লাঠিপেটা ও জলকামান ব্যবহার করে একবার সড়ক পরিষ্কার করলেও দুপুর ১২টার দিকে ব্যবসায়ীরা পুনরায় অবস্থান নিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

মোবাইল ফোন ব্যবসায়ীদের অভিযোগ, ১ জানুয়ারি থেকে এনইআইআর ব্যবস্থা চালুর ফলে তাদের ব্যবসায় ধস নামবে। এই ব্যবস্থার প্রতিবাদ জানানোর পাশাপাশি বিটিআরসি ভবনে হামলার ঘটনায় গ্রেপ্তারকৃতদের নিঃশর্ত মুক্তি এবং একাধিক দাবি আদায়ে তারা এই কর্মসূচি পালন করছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা পরিবারসহ অবস্থান এবং সারা দেশে সব মোবাইল ফোনের দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি র‍্যাব ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা রক্ষায় তারা সাতটি সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস ব্যবহার করতে বাধ্য হয়েছে এবং ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। বর্তমানে আন্দোলনকারীরা আশপাশের শপিংমলের ভেতরে অবস্থান নিলেও পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।