সেন্ট্রাল এশিয়া ভলিবল অ্যাসোসিয়েশন (কাভা) কাপে স্বাগতিক বাংলাদেশ তাদের দুর্দান্ত ফর্ম ধরে রেখেছে। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর ম্যাচে বাংলাদেশ শ্রীলঙ্কাকে ৩-২ সেটে পরাজিত করে টানা তৃতীয় জয়ের স্বাদ পেয়েছে।
ম্যাচের শুরু থেকেই দারুণ ছন্দে ছিল বাংলাদেশ দল। প্রথম দুটি সেটে তারা ২৫-২০ এবং ২৫-২১ পয়েন্টে জিতে নেয়। তবে পরবর্তী দুটি সেটে লড়াইয়ে ফিরে আসে শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত পঞ্চম ও নির্ধারনী সেটে ১৫-১১ পয়েন্টে জয় তুলে নেয় বাংলাদেশ।
এর আগে বাংলাদেশ মালদ্বীপকে ৩-০ সেটে এবং নেপালকে ৩-২ সেটে হারিয়ে জয় পেয়েছিল। ধারাবাহিক এই সাফল্যে টুর্নামেন্টে নিজেদের অবস্থান আরও দৃঢ় করেছে স্বাগতিকরা। এখন তারা শিরোপা জয়ের অন্যতম শক্তিশালী দাবিদার হিসেবে বিবেচিত হচ্ছে।
২২ অক্টোবর থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা চলবে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত। টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতেও বাংলাদেশের পারফরম্যান্সে আশাবাদী ভক্ত ও কোচিং স্টাফরা।