এখন সময় ডেস্ক • প্রকাশিত: ১৩ ডিসেম্বার ২০২৫, ০৬:১০ এ এম • অনলাইন সংস্করণ

কম্বোডিয়া-থাইল্যান্ড সংঘাতের পঞ্চম দিন: সীমান্তে গোলাবর্ষণ অব্যাহত

কম্বোডিয়া-থাইল্যান্ড সংঘাতের পঞ্চম দিন: সীমান্তে গোলাবর্ষণ অব্যাহত

কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে সীমান্ত সংঘাত পঞ্চম দিনে গড়িয়েছে। কম্বোডিয়া অভিযোগ করেছে, থাই সেনাবাহিনী ক্রমাগত তাদের ভূখণ্ডে গোলাবর্ষণ করে চলেছে। এই পরিস্থিতিতে থাইল্যান্ডের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল জানিয়েছেন, তিনি এই বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলবেন।

কম্বোডিয়ার সংবাদমাধ্যম দ্য খেমার টাইমস জানিয়েছে, শুক্রবার (১২ ডিসেম্বর) ভোরে থাই বাহিনী নতুন করে তিনটি প্রদেশে হামলা চালিয়েছে। তাদের দাবি অনুযায়ী, ওদ্দার মিয়ানচে প্রদেশের তা মোয়ান, তা ক্রা বেই ও থমার দাউন এলাকায় গুলি বর্ষণ করা হয়েছে। এছাড়া প্রিয়াহ ভিহিয়ারের নম খাইং ও আন সেস অঞ্চল এবং বানতে মিয়ানচের প্রি চান গ্রাম ও বোয়ুং ট্রাকুয়ানেও গোলাবর্ষণ হয়েছে। সর্বশেষ হামলায় অবশ্য হতাহতের কোনো খবর নেই।

ব্যাপক ক্ষয়ক্ষতি ও বাস্তুচ্যুতি

গত সোমবার থেকে নতুন করে শুরু হওয়া এই সংঘর্ষে এখন পর্যন্ত উভয় দেশের কমপক্ষে ২০ জন নিহত এবং প্রায় ২০০ জন আহত হয়েছেন। গত অক্টোবরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যস্থতায় স্বাক্ষরিত শান্তিচুক্তিটি ভেঙে যাওয়ার পর সীমান্তের দুই পাশে প্রায় ৬ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

ভুয়া অভিযোগের পাল্টাপাল্টি

একটি ফেসবুক পোস্টে কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থাই সেনাবাহিনীর অভিযোগকে ‘ভুয়া’ বলে প্রত্যাখ্যান করেছে। থাই সেনারা দাবি করেছিল, কম্বোডিয়া নাকি বিদেশি ভাড়াটে ব্যবহার করে থাইল্যান্ডে হামলার জন্য আত্মঘাতী ড্রোন পরিচালনা করছে। কম্বোডিয়ান মন্ত্রণালয় বলেছে, এসব প্রচারণার কোনো ভিত্তি নেই।

এছাড়াও, চীনা তৈরি পিএইচএল-৩ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের প্রস্তুতি নেওয়ার অভিযোগও নাকচ করেছে কম্বোডিয়া। মার্কিন সামরিক ডাটাবেস অনুযায়ী, পিএইচএল-৩ মাল্টিপল রকেট লঞ্চারের পাল্লা ৭০-১৩০ কিলোমিটার, যেখানে কম্বোডিয়ার নিজস্ব বিএম-২১ রকেট লঞ্চারের পাল্লা ১৫-৪০ কিলোমিটার।

কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় অভিযোগ করেছে, থাইল্যান্ড ইচ্ছাকৃতভাবে ভুয়া তথ্য ছড়িয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিষয় থেকে মনোযোগ সরাতে চাইছে এবং সহিংস অস্ত্র ব্যবহারের অজুহাত খুঁজছে।

ঐতিহাসিক বিরোধ ও আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা

প্রায় ৮০০ কিলোমিটার দীর্ঘ সীমান্তজুড়ে শতাব্দী প্রাচীন সীমান্ত বিরোধকে কেন্দ্র করে দুই দেশ পরস্পরকে নতুন করে সংঘাত উসকে দেওয়ার অভিযোগ করছে। উভয় দেশই একটি ঐতিহাসিক মন্দিরের বিচ্ছিন্ন অংশের মালিকানা দাবি করে।

এদিকে, থাইল্যান্ডের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী অনুতিন জানিয়েছেন, শুক্রবার স্থানীয় সময় রাত ৯টা ২০ মিনিটে তার প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলার কথা রয়েছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট অবশ্য জানান, ট্রাম্প এখনও থাই বা কম্বোডিয়ান নেতৃত্বের সঙ্গে কথা বলেননি, তবে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

ট্রাম্প-অনুতিন আলোচনার আগে থাইল্যান্ডের শীর্ষ কূটনীতিক সিহাসাক ফুয়াংকেটকিও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে কথা বলেছেন। তিনি রুবিওকে জানিয়েছেন, থাইল্যান্ড শান্তিপূর্ণ সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ, তবে তা কার্যকর পদক্ষেপ ছাড়া সম্ভব নয়। রুবিও এই শান্তি প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

থাইল্যান্ডে সংসদ ভেঙে দেওয়ার ঘোষণা

এই সংঘাতের মধ্যেই বৃহস্পতিবার সংসদ ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছেন অনুতিন। তিনি বলেন, এই সিদ্ধান্ত সীমান্ত সংকটের ব্যবস্থাপনায় প্রভাব ফেলবে না। তার দল থাই প্রাইড পার্টি ও সংসদের বৃহত্তম বিরোধী দল পিপলস পার্টির মধ্যে সম্পর্কের অবনতি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সরকারি মুখপাত্র সিরিপং আংকাসাকুলকিয়াত জানান, সংসদে স্থবিরতার কারণে সরকারের এজেন্ডা আটকে ছিল। পরে রয়্যাল গেজেটে জানানো হয়, রাজা মহা ভাজিরালংকর্ন সংসদ বিলুপ্তির অনুমোদন দিয়েছেন। এর ফলে আগামী ৪৫ থেকে ৬০ দিনের মধ্যে থাইল্যান্ডে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।