এখন সময় ডেস্ক • প্রকাশিত: ২৯ নভেম্বার ২০২৫, ০৫:১০ এ এম • অনলাইন সংস্করণ

কন্যাসন্তানের বাবা হলেন অভিনেতা নিলয় আলমগীর

কন্যাসন্তানের বাবা হলেন অভিনেতা নিলয় আলমগীর

ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর প্রথমবার বাবা হলেন। গত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে অভিনেতার স্ত্রী তাসনুভা তাবাসসুম হৃদি একটি ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দেন। এটি এই তারকা দম্পতির প্রথম সন্তান। কন্যা ও মা—দুজনেই সুস্থ আছেন বলে জানা গেছে।

বাবা হওয়ার এই আনন্দঘন খবরটি অভিনেতা নিলয় আলমগীর নিজেই নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার রাতে তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে সদ্যোজাত কন্যার সঙ্গে একটি আবেগঘন ছবি পোস্ট করেন। সেই ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, কন্যা সন্তানের বাবা হলাম। নাম রুশদা মাইমানাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

নিলয়-হৃদি দম্পতির এই সুখবর জানানোর পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা ও ভালোবাসার বন্যা বইতে শুরু করে। ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা তো বটেই, তারকা অঙ্গনের সহকর্মীরাও মন্তব্যের ঘরে নবজাতক ও পিতামাতাকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছেন।

নিলয়ের স্ত্রী হৃদি জানিয়েছেন, তাদের সন্তানের নাম ‘রুশদা মাইমানাহ’-এর অর্থ হলো 'হেদায়েতপ্রাপ্তা', 'প্রজ্ঞাবতী', 'সৌভাগ্যবান' এবং 'বরকতময়ী নারী'। নতুন অতিথির আগমনে তাদের পরিবারে এখন আনন্দের সুবাতাস বইছে।

উল্লেখ্য, অভিনেতা নিলয় আলমগীর ২০২১ সালের ৭ জুলাই তাসনুভা তাবাসসুম হৃদির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের সূত্র ধরেই তাদের পরিচয় ও প্রেম হয়, এরপর পারিবারিক আয়োজনে তারা বিয়ে করেন। এটি হৃদির প্রথম বিয়ে হলেও অভিনেতার এটি দ্বিতীয় বিয়ে। এর আগে ২০১৬ সালে মডেল-অভিনেত্রী আনিকা কবির শখের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন নিলয়, তবে সেই দাম্পত্য জীবন বেশিদিন স্থায়ী হয়নি।