ঢাকা অফিস • প্রকাশিত: ১৬ ডিসেম্বার ২০২৫, ১১:৫১ পিএম • অনলাইন সংস্করণ

ওসমান হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল, স্বস্তিতে পরিবার

ওসমান হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল, স্বস্তিতে পরিবার

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন হাদির সর্বশেষ অবস্থা সম্পর্কে তার বড় ভাই ওমর ফারুক সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সুখবর দিয়েছেন।

সিঙ্গাপুর থেকে ওমর ফারুক জানান, চিকিৎসকদের বরাতে জানা গেছে, হাদির শ্বাস-প্রশ্বাস ও হার্টবিট বর্তমানে স্বাভাবিক রয়েছে। আগের তুলনায় তার হৃদপিণ্ডের কার্যক্ষমতাও বৃদ্ধি পেয়েছে। সব মিলিয়ে চিকিৎসকরা তার শারীরিক অবস্থাকে স্থিতিশীল বলে ঘোষণা করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সিঙ্গাপুরে পৌঁছানোর সময় শ্বাস-প্রশ্বাস ও হার্টবিট বেড়ে যাওয়ায় ওসমান হাদির স্বাস্থ্যের অবনতি ঘটেছিল। এই কারণে বিমানবন্দর থেকে তাকে জরুরি ভিত্তিতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় এবং দ্রুত চিকিৎসা শুরু করা হয়।

ওমর ফারুক আরও জানান, হাসপাতালে ভর্তির পর চিকিৎসকরা হাদিকে স্যালাইনের মাধ্যমে প্রয়োজনীয় কিছু ওষুধ পুশ করেন এবং তাকে দুই ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখেন। এই পর্যবেক্ষণের পরই হাদি চিকিৎসায় সাড়া দিতে শুরু করেন। তার শ্বাস-প্রশ্বাস ও হার্টবিট স্বাভাবিক হয়ে আসে এবং হৃদপিণ্ডের কার্যকারিতা বাড়ে।

তিনি নিশ্চিত করেছেন যে, শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ার পর সোমবার দিবাগত রাতেই (বাংলাদেশ সময় রাত ২টা পর্যন্ত) ওসমান হাদির জন্য অতি প্রয়োজনীয় সব স্বাস্থ্যগত পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। বর্তমানে তাকে বিশেষায়িত আইসিইউতে রাখা হয়েছে। চিকিৎসকরা সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখবেন।

উল্লেখ্য, বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ওসমান হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।