এখন সময় ডেস্ক • প্রকাশিত: ০১ আগষ্ট ২০২৬, ০৮:৪২ পিএম • অনলাইন সংস্করণ

ওমান উপকূলে তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা

ওমান উপকূলে তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা

ওমানের উপকূলে একটি তেলবাহী জাহাজে অজ্ঞাত উৎস থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে জাহাজটির ইঞ্জিন কক্ষ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় সেটি নিয়ন্ত্রণ হারিয়ে সমুদ্রে অচল হয়ে পড়েছে।

শনিবার (১ আগস্ট) যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য সংস্থা ইউকেএমটিও (UKMTO) এক সতর্কবার্তায় জানায়, ওমানের লিমা উপকূল থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল (প্রায় ২০ কিলোমিটার) উত্তর-পূর্বে এ হামলার ঘটনা ঘটে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, ক্ষেপণাস্ত্রের আঘাতে জাহাজটির ইঞ্জিন কক্ষে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফলে জাহাজটি নিজস্ব শক্তিতে চলাচল বা দিক পরিবর্তন করতে পারছে না।

ঘটনার পরপরই সংশ্লিষ্ট আঞ্চলিক কোস্টগার্ডকে অবহিত করা হয়েছে এবং হামলার কারণ ও দায়ী ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

এ পর্যন্ত কোনো হতাহত বা তেল ছড়িয়ে পরিবেশগত ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তবে ওই সমুদ্রপথে চলাচলকারী সব জাহাজকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পাশাপাশি সন্দেহজনক যেকোনো কার্যক্রম দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানিয়েছে ইউকেএমটিও।