এখন সময় ডেস্ক • প্রকাশিত: ২৯ অক্টোবার ২০২৫, ১১:০০ পিএম • অনলাইন সংস্করণ

ঐকমত্য কমিশনের প্রতিবেদনে 'নোট অব ডিসেন্ট' বাদ: প্রতারণার অভিযোগ বিএনপির

ঐকমত্য কমিশনের প্রতিবেদনে 'নোট অব ডিসেন্ট' বাদ: প্রতারণার অভিযোগ বিএনপির

ঐকমত্য কমিশনের প্রতিবেদনে বিএনপির দেওয়া ‘নোট অব ডিসেন্ট’ অন্তর্ভুক্ত না করায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেছেন, কমিশন জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে ‘প্রতারণা’ করেছে এবং অবিলম্বে প্রতিবেদনটি সংশোধনের দাবি জানিয়েছেন।


বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘বিচার-সংস্কার-নির্বাচন, অন্তর্বর্তী আমলে বাংলাদেশ’ শীর্ষক এক প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।


মির্জা ফখরুল বলেন, “মঙ্গলবার ঐকমত্য কমিশন তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছেন। আমরা যেসব বিষয়ে একমত ছিলাম না, সেখানে ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছিলাম। প্রতিশ্রুতি ছিল এগুলো লিপিবদ্ধ করা হবে। কিন্তু অবাক হয়ে দেখলাম—প্রকাশিত প্রতিবেদনে এসব কিছুই নেই।”


কমিশনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও বলেন, “তাহলে ঐকমত্য কমিশনটা করা হয়েছিল কেন? আমি বলব, এটি জনগণের সঙ্গে এক ধরনের প্রতারণা।”


সংস্কার নয়, বরং সংকটের মূল সমাধান হিসেবে গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, “অবিলম্বে এসব বিষয় সংশোধন না করলে ঐক্যের পরিবর্তে বিভাজন বাড়বে। প্রকৃত অর্থে দেশের সংকট নিরসনের একমাত্র পথ হলো একটি সত্যিকার গ্রহণযোগ্য নির্বাচন।”


তিনি আরও বলেন, “আমরা শুরু থেকেই বলেছি, ৫ আগস্টের পরেই নির্বাচন হওয়া উচিত ছিল। এখন যত দেরি হচ্ছে, ততই পরাজিত শক্তিগুলো সংগঠিত হচ্ছে, যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়।”


‘বিএনপি সংস্কারবিরোধী’—এমন প্রচারণাকে ‘সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যা দিয়ে মির্জা ফখরুল বলেন, “বিএনপির জন্মই সংস্কারের মধ্য দিয়ে। অথচ ইচ্ছাকৃতভাবে প্রচার করা হচ্ছে আমরা সংস্কারবিরোধী—এটা একটি ভিত্তিহীন প্রোপাগান্ডা।”