রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ স্লোগানে মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা-২০২৬’ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে সোমবার থেকে দেশের ৬৪ জেলার ১০০টি উপজেলা ও পৌরসভায় পর্যায়ক্রমে এ কর্মসূচি পালন করবে দলটি।
শনিবার বিকেলে রাজধানীর বাংলামটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন দলের উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলম। এ সময় দলের যুগ্ম সদস্য সচিব আলী আহসান জুনায়েদ, আতাউল্লাহ, মাহিন সরকারসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে সারজিস আলম বলেন, দলের আত্মপ্রকাশের পর ২০২৫ সালের ২৫ জুলাই দেশের ৬৪ জেলা শহরে ‘জুলাই পদযাত্রা’ অনুষ্ঠিত হয়েছিল। সেই কর্মসূচির ধারাবাহিকতায় এবার আরও বিস্তৃত পরিসরে ‘জুলাই পদযাত্রা-২০২৬’ আয়োজন করা হয়েছে।
তিনি জানান, সোমবার গাজীপুরের কালীগঞ্জ থেকে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন হবে। উদ্বোধনী অনুষ্ঠানে দলের আহ্বায়ক, সদস্য সচিব, মুখ্য সংগঠকসহ শীর্ষ নেতারা অংশ নেবেন। এছাড়া ৭ জুলাই কক্সবাজারের উখিয়া থেকে দক্ষিণাঞ্চলের পদযাত্রা শুরু হবে।
দলীয় সূত্রে জানা যায়, উত্তরাঞ্চলের কর্মসূচির নেতৃত্ব দেবেন সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী। অন্যদিকে দক্ষিণাঞ্চলের কর্মসূচি পরিচালনা করবেন মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সারজিস আলম বলেন, এই পদযাত্রার মাধ্যমে স্থানীয় পর্যায়ে দলের সম্ভাব্য প্রার্থীদের জনগণের সঙ্গে পরিচিতি বাড়ানোর পাশাপাশি সাংগঠনিক সক্ষমতা মূল্যায়নের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে উপজেলা পর্যায়ে দলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে ১০০টি উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি। ঘোষিত এসব এলাকাতেই পর্যায়ক্রমে পদযাত্রা অনুষ্ঠিত হবে। কর্মসূচির মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের বার্তা জনগণের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলের মানুষের সমস্যা, চাহিদা ও মতামত সরাসরি সংগ্রহ করে জাতীয় পর্যায়ে তুলে ধরার চেষ্টা করা হবে।
কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৫ জুলাই কুড়িগ্রামে কৃষক সমাবেশের মাধ্যমে এনসিপির সহযোগী সংগঠন ‘জাতীয় কৃষক শক্তি’র আত্মপ্রকাশ ঘটবে। এছাড়া ১৬ জুলাই রংপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত, দোয়া ও মোনাজাতে অংশ নেবেন দলের কেন্দ্রীয় নেতারা।