ঢাকা অফিস • প্রকাশিত: ২৬ অক্টোবার ২০২৫, ১০:৩৭ পিএম • অনলাইন সংস্করণ

এখন থেকে অনলাইনে আয়কর রিটার্নে কাগজ নয়, শুধু তথ্যই যথেষ্ট

এখন থেকে অনলাইনে আয়কর রিটার্নে কাগজ নয়, শুধু তথ্যই যথেষ্ট

এখন থেকে অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে আর কোনো কাগজপত্র বা দলিল আপলোড করতে হবে না। শুধু প্রয়োজনীয় তথ্য প্রদান করলেই রিটার্ন দাখিল সম্পন্ন হবে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর ফলে করদাতাদের জন্য অনলাইনে রিটার্ন দাখিলের প্রক্রিয়া আরও সহজ ও সময়সাশ্রয়ী হয়েছে।

চলতি অর্থবছর থেকেই কিছু ব্যতিক্রম ছাড়া সকল করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। রিটার্ন জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছে ১ জুলাই থেকে ৩০ নভেম্বর পর্যন্ত। এনবিআরের তথ্যমতে, গত সপ্তাহ পর্যন্ত প্রায় সাড়ে আট লাখ করদাতা ইতোমধ্যে অনলাইনে রিটার্ন দাখিল করেছেন।

কাগজ নয়, লাগবে শুধু তথ্য

করদাতাদের আয়, ব্যয়, সম্পদ ও দায়ের তথ্য যে কাগজ বা দলিলের ভিত্তিতে প্রস্তুত করা হবে, সেগুলো নিজ হেফাজতে সংরক্ষণ করতে হবে। কর কর্মকর্তারা নিরীক্ষার সময় চাইলে এসব দলিল প্রমাণ হিসেবে জমা দিতে হতে পারে।

যেসব কাগজের তথ্য প্রয়োজন

রিটার্ন প্রস্তুতের সময় নিম্নোক্ত দলিল বা তথ্যের প্রয়োজন হতে পারে—

বেতন খাতের আয়ের কাগজপত্র

সিকিউরিটিজ থেকে অর্জিত সুদের সনদ

বাড়ি ভাড়ার চুক্তিপত্র

পৌর করের রসিদ

বন্ধকি ঋণের সুদের সনদ

সম্পদ ক্রয়–বিক্রয়ের চুক্তিপত্র ও রসিদ

লভ্যাংশের ডিভিডেন্ড ওয়ারেন্ট

উৎসে কর কর্তনের সনদ

এ ছাড়া কর রেয়াত পেতে বিনিয়োগের প্রমাণপত্রও প্রয়োজন হবে—যেমন জীবন বিমার প্রিমিয়াম রসিদ, ভবিষ্য তহবিলের চাঁদার সনদ, সঞ্চয়পত্র, শেয়ার, ডিপোজিট পেনশন স্কিম (ডিপিএস), কল্যাণ বা জাকাত তহবিলে চাঁদা প্রদানের প্রমাণ ইত্যাদি।

কীভাবে অনলাইনে রিটার্ন দাখিল করবেন

২০২৫–২৬ করবর্ষের আয়কর রিটার্ন জমা দিতে করদাতাদের প্রবেশ করতে হবে এনবিআরের ওয়েবসাইটে — https://www.etaxnbr.gov.bd। অনলাইনে রিটার্ন দাখিলের আগে টিআইএন নম্বর ও বায়োমেট্রিক যাচাইকৃত মোবাইল নম্বর ব্যবহার করে নিবন্ধন সম্পন্ন করতে হবে। রিটার্ন জমা দেওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে প্রাপ্তি রসিদ পাওয়া যাবে।

কর পরিশোধের নিয়ম

করদাতারা এখন ঘরে বসেই বিভিন্ন অনলাইন পেমেন্ট চ্যানেলের মাধ্যমে কর পরিশোধ করতে পারবেন। ব্যাংক ট্রান্সফার, ডেবিট বা ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদসহ বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করে কর দেওয়া যাবে।

সহায়তা সেবা

অনলাইনে রিটার্ন দাখিলের সময় কোনো সমস্যা দেখা দিলে তাৎক্ষণিক সমাধানের জন্য এনবিআরের কল সেন্টার ও অনলাইন সহায়তা সেবা সার্বক্ষণিকভাবে চালু থাকবে।