ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক মাধ্যম এক্স ব্যবহারকারীর প্রোফাইলে About This Account নামের নতুন স্বচ্ছতা ফিচার যুক্ত করেছে।এই সুবিধার মাধ্যমে যে কোনো প্রোফাইল দেখার সময় ব্যবহারকারীরা জানতে পারবেন অ্যাকাউন্টটি কোন দেশ বা অঞ্চল থেকে খোলা, অ্যাকাউন্ট তৈরির তারিখ, ইউজারনেম কতবার পরিবর্তিত হয়েছে এবং কোন অ্যাপ স্টোর থেকে ইনস্টল করা হয়েছে।
এআই-নির্ভর যুগে ভুয়া অ্যাকাউন্ট ও বট শনাক্ত করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এক্স মনে করছে, নতুন এই টুল ভুয়া ও বিভ্রান্তিকর অংশগ্রহণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গত অক্টোবরে এক্সের প্রোডাক্ট প্রধান নিকিতা বিয়ার প্রথম এই ফিচারের পরিকল্পনার কথা প্রকাশ করেন। শুরুতে পরীক্ষামূলকভাবে তাঁর এবং প্রতিষ্ঠানের কর্মীদের প্রোফাইলে তা চালু করা হয়।
ফিচারের লক্ষ্য হলো ব্যবহারকারী যেন নিশ্চিত হতে পারেন তারা সত্যিকারের প্রোফাইলের সঙ্গে যুক্ত হচ্ছেন, না কি ছদ্মবেশী অ্যাকাউন্টের সঙ্গে। উদাহরণ হিসেবে বলা যায়, কোনো প্রোফাইল বায়োতে যুক্তরাষ্ট্র লেখা থাকলেও যদি নতুন ফিচারে দেখা যায় অ্যাকাউন্টটি অন্য দেশভিত্তিক, তাহলে প্রোফাইলটি সন্দেহজনক মনে হতে পারে।
সম্প্রতি এক ব্যবহারকারী এই ফিচারটি বাধ্যতামূলকভাবে সব প্রোফাইলে দেখানোর অনুরোধ করলে মাস্ক ৭২ ঘণ্টা সময় চান। এরপর থেকেই অনেক ব্যবহারকারী নিজেদের প্রোফাইলে নতুন তথ্য দেখতে পাচ্ছেন। ওয়েব বা মোবাইল অ্যাপ থেকে প্রোফাইলের Joined অংশে ক্লিক করলেই জানা যাবে অ্যাকাউন্ট তৈরির সময়, দেশ বা অঞ্চল, ইউজারনেম পরিবর্তনের হিসাব এবং কোন অ্যাপ স্টোর থেকে অ্যাপ ইনস্টল করা হয়েছে। তবে এখনো অনেকেই অন্যদের প্রোফাইলে এসব তথ্য দেখতে পারছেন না। প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চের মতে, এক্স প্রথমে ব্যবহারকারীকে নিজ নিজ তথ্য যাচাইয়ের সময় দিচ্ছে, এরপর সবার জন্য উন্মুক্ত করবে।
এছাড়া ব্যবহারকারীরা চাইলে প্রোফাইলে দেশ, অঞ্চল বা মহাদেশ—কোনটি প্রদর্শিত হবে তা নিজে বেছে নিতে পারবেন। যদিও শুরুতে ধারণা ছিল এই সুবিধা সব দেশে পাওয়া যাবে না, বাস্তবে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরাও তিনটি বিকল্পই পাচ্ছেন। ডিফল্ট হিসেবে দেশ দেখানো হচ্ছে। এ পরিবর্তন করতে যেতে হবে Settings → Privacy & Safety → About Your Account।
অন্যদিকে এক রিভার্স ইঞ্জিনিয়ার অ্যাপের কোড পরীক্ষা করে দেখেছেন, ভবিষ্যতে ভিপিএন ব্যবহার করলে প্রোফাইলে সতর্কবার্তা দেখা যেতে পারে—“অ্যাকাউন্টের দেশ/অঞ্চলের তথ্য সঠিক নাও হতে পারে।” তবে এই সতর্কতা কবে আসবে তা এখনো নিশ্চিত নয়।
এক্স এখনো এই ফিচার নিয়ে আনুষ্ঠানিক মন্তব্য না করলেও, বিয়ার ব্যবহারকারীদের প্রতিক্রিয়া দেখে জানিয়েছেন, অনেকে ইতোমধ্যে নতুন সুবিধাটি ব্যবহার করতে শুরু করেছেন। উল্লেখযোগ্যভাবে ইনস্টাগ্রাম অনেক আগে থেকেই About This Account ফিচারের মাধ্যমে একই ধরনের তথ্য প্রদর্শনের সুবিধা দিয়ে আসছে।