ঢাকা অফিস • প্রকাশিত: ২১ ডিসেম্বার ২০২৫, ০৭:২৯ এ এম • অনলাইন সংস্করণ

উসকানির অভিযোগে বন্ধ ইলিয়াস হোসেনের সব ফেসবুক পেজ

উসকানির অভিযোগে বন্ধ ইলিয়াস হোসেনের সব ফেসবুক পেজ

সহিংসতা উসকে দেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটর ও অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসেনের সবকটি ফেসবুক পেজ সরিয়ে নিয়েছে মেটা কর্তৃপক্ষ। শুক্রবার রাতে তার ২২ লাখ অনুসারী সমৃদ্ধ মূল ভেরিফায়েড পেজটি রিমুভ করার পর একদিনের ব্যবধানে আট লাখ অনুসারীর বিকল্প পেজটিও বন্ধ করে দেওয়া হয়েছে। বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সার্চ করে তার কোনো পেজ আর পাওয়া যাচ্ছে না।

জানা গেছে, গত ১৮ ডিসেম্বর রাতে দেশের প্রধান দুটি সংবাদমাধ্যম প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনার সময় ইলিয়াস হোসেন তার পেজগুলো থেকে ওই হামলাকে সমর্থন ও সফল করার আহ্বান জানিয়ে লাগাতার পোস্ট দেন। এই ধরনের তৎপরতা সরাসরি ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড বা জননিরাপত্তা নীতিমালা লঙ্ঘন করায় মেটা এই কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে।

প্রাথমিকভাবে শুক্রবার রাতে তার বড় পেজটি বন্ধ হওয়ার পর ইলিয়াস হোসেন তার দ্বিতীয় পেজটি ব্যবহার করে কার্যক্রম চালানোর চেষ্টা করেছিলেন। কিন্তু কয়েক ঘণ্টার ব্যবধানে নীতিমালার আওতায় সেটিও সরিয়ে নেওয়া হয়। মেটা কর্তৃপক্ষের বৈশ্বিক নীতি অনুযায়ী, যেকোনো ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলা ছড়াতে উসকানি দেওয়া কঠোরভাবে নিষিদ্ধ। সংবাদমাধ্যমের ওপর নজিরবিহীন হামলার এই উসকানিই তার পেজগুলো হারানোর মূল কারণ হিসেবে দেখা হচ্ছে।