প্রতীক ইস্যুতে নির্বাচন কমিশনকে (ইসি) বিতর্কিত না করতে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) পরামর্শ দিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
বুধবার (২৯ অক্টোবর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ.এম.এম. নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
নুরুল হক নুর বলেন, “আমাদের জানা অনুযায়ী, নির্বাচন কমিশনের গেজেটে অন্তর্ভুক্ত না থাকলে কোনো রাজনৈতিক দল প্রতীক পায় না। সাধারণত নির্ধারিত তালিকার মধ্য থেকেই প্রতীক নির্বাচন করা হয়। যেমন আমাদের দলের প্রতীক ‘ট্রাক’—এটা আমরা নিজেরা বাছাই করিনি, কমিশনের বিধিমালা অনুযায়ী নির্বাচন কমিশনই দিয়েছে। তাই কোনো রাজনৈতিক দলেরই উচিত নয় নিজেদের স্বার্থসংশ্লিষ্ট ইস্যুতে ইসিকে বিতর্কিত করা।”
তিনি আরও বলেন, “এই নির্বাচন কমিশন গঠিত হয়েছে ফ্যাসিবাদ পতনের পর বর্তমান অংশীজনদের সঙ্গে আলোচনা করে। তারা এখনো কোনো জাতীয় বা স্থানীয় নির্বাচন আয়োজন করেনি, ফলে অনিয়ম বা পক্ষপাতিত্বের অভিযোগও ওঠেনি। আমরা যদি আগেভাগে তাদের বিতর্কিত করে ফেলি, তাহলে তারা একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারবে না।”
নুর জানান, তাদের দল নির্বাচন কমিশনকে পরামর্শ দিয়েছে যেন তারা দেশের বর্তমান পরিবর্তনের প্রেক্ষাপটে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের সময় দৃঢ় অবস্থানে থেকে নিরপেক্ষভাবে সিদ্ধান্ত নেয়।
এর আগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষণা দেয় যে তারা ‘শাপলা’, ‘সাদা শাপলা’ বা ‘লাল শাপলা’ প্রতীক দাবি করছে এবং এই প্রতীক না পেলে তারা নিবন্ধন নেবে না। তবে নির্বাচন কমিশন জানিয়েছে, বর্তমান নির্বাচন পরিচালনা বিধিমালায় ‘শাপলা’ নামের কোনো প্রতীক নেই। তাই দলটিকে অন্য প্রতীক বেছে নিতে হবে।
বৈঠকে সিইসির সঙ্গে গণঅধিকার পরিষদের সাত সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।