এখন সময় ডেস্ক • প্রকাশিত: ০৭ নভেম্বার ২০২৫, ০৯:৩২ পিএম • অনলাইন সংস্করণ

ইলন মাস্ক পেলেন ইতিহাসের সর্ববৃহৎ করপোরেট বেতন-ভাতা অনুমোদন

ইলন মাস্ক পেলেন ইতিহাসের সর্ববৃহৎ করপোরেট বেতন-ভাতা অনুমোদন

টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক পেয়েছেন ইতিহাসের সবচেয়ে বড় করপোরেট বেতন-ভাতা প্যাকেজের অনুমোদন। স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ নভেম্বর) টেক্সাসের অস্টিনে টেসলার কারখানায় অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় প্রায় ৭৫ শতাংশ শেয়ারহোল্ডার তার প্রস্তাবিত প্যাকেজের পক্ষে ভোট দেন।

এই অনুমোদনের ফলে বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি মাস্ক আগামী দশকে টেসলার শেয়ার হিসেবে সর্বোচ্চ ১ ট্রিলিয়ন ডলার পর্যন্ত পেতে পারেন। তবে কর ও অন্যান্য কর্তন শেষে এই শেয়ারগুলোর প্রকৃত মূল্য দাঁড়াতে পারে প্রায় ৮৭৮ বিলিয়ন ডলার। টেসলার পরিচালনা পর্ষদ আগেই জানিয়েছিল, প্রস্তাবটি বাতিল হলে মাস্ক কোম্পানি ছাড়ার কথা বিবেচনা করতে পারেন, যদিও অনেক বিনিয়োগকারী এই প্যাকেজকে অত্যধিক ব্যয়বহুল বলে সমালোচনা করেছেন।

সভা শেষে ইলন মাস্ক বলেন, “আমরা টেসলার ভবিষ্যতের এক নতুন অধ্যায়ের সূচনায় প্রবেশ করছি।” তিনি তার পরবর্তী লক্ষ্য হিসেবে স্বয়ংচালিত গাড়ি তৈরি, যুক্তরাষ্ট্রজুড়ে রোবোট্যাক্সি নেটওয়ার্ক স্থাপন এবং মানবাকৃতির রোবটের বাণিজ্যিক বিক্রয়কে সামনে রাখেন।

তিনি জানান, আগামী এপ্রিল মাস থেকেই দুই সিটের, স্টিয়ারিংবিহীন রোবোট্যাক্সি ‘সাইবারক্যাব’-এর উৎপাদন শুরু হবে। পাশাপাশি নতুন প্রজন্মের ইলেকট্রিক স্পোর্টস কার ‘রোডস্টার’ উন্মোচনের ঘোষণাও দেন তিনি। মাস্ক আরও জানান, টেসলা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ উৎপাদনের জন্য একটি বৃহৎ কারখানা নির্মাণ করবে এবং এ ক্ষেত্রে ইন্টেলের সঙ্গে অংশীদারিত্বের সম্ভাবনা যাচাই করা হচ্ছে।

আগামী দশকে মাস্কের পরিকল্পনা হলো ২ কোটি গাড়ি উৎপাদন, ১০ লাখ রোবোট্যাক্সি চালু, ১০ লাখ রোবট বিক্রি এবং ৪০০ বিলিয়ন ডলার নিট মুনাফা অর্জন। এই লক্ষ্য বাস্তবায়নে টেসলার বাজারমূল্য বর্তমান ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার থেকে প্রথমে ২ ট্রিলিয়ন এবং পরবর্তীতে ৮ দশমিক ৫ ট্রিলিয়ন ডলারে উন্নীত করতে হবে।

প্রতিটি ধাপ সফলভাবে সম্পন্ন হলে মাস্ক কোম্পানির অতিরিক্ত ১ শতাংশ শেয়ার পাবেন। সব লক্ষ্য অর্জিত হলে তিনি টেসলার মোট ১২ শতাংশ শেয়ারের মালিক হবেন, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ ট্রিলিয়ন ডলার।

এছাড়া শেয়ারহোল্ডাররা মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা উদ্যোগ ‘এক্সএআই’-এ (xAI) টেসলার বিনিয়োগের প্রস্তাবেও সমর্থন জানিয়েছেন।

সূত্র: রয়টার্স