এখন সময় ডেস্ক • প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০২৬, ০৭:৪২ এ এম • অনলাইন সংস্করণ

ইরানে বিক্ষোভে নিহত ২ হাজারে পৌঁছেছে

ইরানে বিক্ষোভে নিহত ২ হাজারে পৌঁছেছে

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা দুই হাজারে পৌঁছেছে। মঙ্গলবার এক ইরানি কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাণ হারানোদের মধ্যে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্য উভয়ই রয়েছেন। তবে এই ব্যাপক প্রাণহানির জন্য তিনি সরাসরি সন্ত্রাসীদের দায়ী করেছেন। সরকারের পক্ষ থেকে নিহতদের সম্পর্কে আর কোনো সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি।

মানবাধিকার সংস্থাগুলোর দেওয়া তথ্যে নিহতের সংখ্যা আগে কয়েক শতাধিক বলা হলেও বর্তমান চিত্র আরও ভয়াবহ। জানা গেছে, এরই মধ্যে কয়েক হাজার বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। গত এক সপ্তাহ ধরে চলা সহিংস সংঘর্ষের বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা গেছে, বন্দুকধারীদের হামলা এবং বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনা ঘটছে।

কয়েক দিন ইন্টারনেট বিচ্ছিন্ন থাকার পর সোমবার থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। ফলে দেশটির প্রকৃত অবস্থার চিত্র বাইরে আসছে। বিভিন্ন হাসপাতালের তথ্যানুযায়ী, সেখানে নিরাপত্তা বাহিনীর গুলিতে আহতদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে এবং মর্গগুলোতে লাশের স্তূপ জমেছে। দেশজুড়ে ধরপাকড় ও দমনপীড়ন এখনো অব্যাহত রয়েছে।

এদিকে ইরানের এই অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিষয়টিকে গুরুত্বের সাথে দেখছেন। তার কাছে সামরিক পদক্ষেপসহ সব বিকল্প পথ খোলা থাকলেও তিনি আলোচনার মাধ্যমে কূটনৈতিক সমাধানকেই সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছেন। মার্কিন প্রশাসনের দাবি, ইরানি শাসকরা প্রকাশ্যে যে ধরনের কঠোর অবস্থান দেখাচ্ছেন, তাদের ব্যক্তিগত বার্তার সুর তার চেয়ে ভিন্ন। প্রেসিডেন্ট ট্রাম্প সেই বার্তাগুলো পর্যালোচনার মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।