এখন সময় ডেস্ক • প্রকাশিত: ১৪ নভেম্বার ২০২৫, ১১:৫৪ পিএম • অনলাইন সংস্করণ

ইমরান কাদির জয় করেছেন এশিয়ার সেরা তরুণ বিপণনকারীর পুরস্কার

ইমরান কাদির জয় করেছেন এশিয়ার সেরা তরুণ বিপণনকারীর পুরস্কার

এশিয়া মার্কেটিং এক্সিলেন্স অ্যাওয়ার্ড (ইয়ুথ) জয় করেছেন দ্য ডেইলি স্টারের বিক্রয় ও বিপণন প্রধান এবং জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের সাবেক সভাপতি ইমরান কাদির। তিনি পেয়েছেন এশিয়ার ‘টপ আউটস্ট্যান্ডিং ইয়ুথ মার্কেটার অব দ্য ইয়ার ২০২৫’ স্বীকৃতি।

১৩ নভেম্বর ২০২৫ শ্রীলঙ্কার কলম্বোর মোনার্ক ইম্পেরিয়াল হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এশিয়া মার্কেটিং ফেডারেশনের (এএমএফ) পক্ষ থেকে এই পুরস্কার তুলে দেওয়া হয়। এশিয়ার ১৭টি দেশের প্রার্থীদের মধ্যে প্রতিযোগিতা করে তিনি এই সম্মান অর্জন করেন। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে ছিল কম্বোডিয়া, চীন, হংকং, ইন্দোনেশিয়া, জাপান, কোরিয়া, মালয়েশিয়া, মায়ানমার, নেপাল, ফিলিপাইন, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, তাইওয়ান, থাইল্যান্ড ও ভিয়েতনামসহ আরও কয়েকটি দেশ।

পুরস্কার পাওয়ার পর ইমরান কাদির বলেন, এই অর্জন শুধু তার নয়, বরং বাংলাদেশের তরুণ প্রজন্ম এবং বিপণন খাতের সৃজনশীল চিন্তা ও উদ্ভাবনের স্বীকৃতি। তিনি এএমএফ ও তার সহযাত্রী সকলকে ধন্যবাদ জানান।

এশিয়া মার্কেটিং ফেডারেশন প্রতিবছর মহাদেশের সেরা বিপণন নেতা ও উদ্ভাবকদের সম্মান জানায়। এতে ব্যবসা, গণমাধ্যম ও উদ্ভাবনমূলক কর্মকাণ্ডে অবদান রাখা পেশাজীবীরা স্বীকৃতি পান।

ইমরান কাদির বর্তমানে দ্য ডেইলি স্টারের বিক্রয় ও বিপণন প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি একাধিক স্টার্টআপ ও ব্যবসায় জড়িত, পাশাপাশি মিশন সেভ বাংলাদেশ ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠাতা এবং স্প্রীহা ফাউন্ডেশনের ট্রাস্টি। তিনি ক্লাব জেসিআই লিমিটেডের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মার্কেটিং কমিটির সদস্য। বিনিয়োগ বিষয়ক তার লেখা বই ‘রোড টু ওয়েলথ’ পাঠকদের মধ্যে প্রশংসিত হয়েছে।