আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ রোববার (৭ ডিসেম্বর) তফসিল ও গণভোট-সংক্রান্ত পর্যালোচনা বৈঠক শেষে এ ঘোষণা দেন।
নতুন সময়সূচি অনুযায়ী, এবার সকাল সাড়ে ৭টায় ভোট শুরু হবে এবং তা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। পূর্ববর্তী জাতীয় সংসদ নির্বাচনগুলোতে ভোটগ্রহণ হতো সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ফলে এবার ভোটাররা অতিরিক্ত এক ঘণ্টা সময় পাচ্ছেন।
সানাউল্লাহ আরও জানান, চলতি সপ্তাহেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এর জন্য সোমবারই বিটিভিকে তফসিল রেকর্ডিংয়ের বিষয়ে চিঠি দেওয়া হবে। তফসিল ঘোষণার সন্ধ্যায় মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত হবে।
নির্বাচনী আচরণবিধি তদারকির জন্য তফসিল ঘোষণার পর থেকেই প্রতিটি উপজেলায় দুইজন করে ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হবে এবং ভোটের পাঁচ দিন আগে ম্যাজিস্ট্রেটের সংখ্যা বৃদ্ধি করা হবে। তিনি আরও নিশ্চিত করেন যে ভোটের আগের রাতেই ব্যালট পেপার ভোটকেন্দ্রে পৌঁছে দেওয়া হবে।
নির্বাচনী দায়িত্বে সরকারি, আধা-সরকারি ও সরকারি ব্যাংকের কর্মকর্তারা নিয়োজিত হবেন। তবে বেসরকারি ব্যাংকের কর্মকর্তাদের এই নির্বাচনে দায়িত্ব না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসি। ভোটের দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে, তবে ইসির প্রয়োজন অনুসারে ব্যাংক ও পোস্ট অফিস খোলা থাকতে পারে।
নির্বাচন কমিশনার জানান, তফসিল ঘোষণার পর উপদেষ্টা পরিষদ নতুন কোনো প্রকল্প অনুমোদন করতে পারবে না, এবং পরিষদের কোনো সদস্য স্বপদে বহাল থেকে ভোট করতে পারবেন না।
পোস্টার সংক্রান্ত বিষয়ে সানাউল্লাহ বলেন, তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে সব নির্বাচনী পোস্টার অপসারণ করতে হবে, অন্যথায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া, প্রবাসী ভোটারদের জন্য ব্যালট ছাপানোর কাজ সোমবার থেকে শুরু হয়েছে।