সংযুক্ত আরব আমিরাত ভ্রমণ, বিনিয়োগ ও চিকিৎসাসেবাকে আরও সহজ ও আকর্ষণীয় করতে ভিসানীতিতে ব্যাপক পরিবর্তন এনেছে। নতুন নীতিমালায় অন-অ্যারাইভাল ভিসার সুবিধা সম্প্রসারণ, দ্রুত পর্যটন ভিসা প্রদান, বিনিয়োগকারীদের জন্য রেসিডেন্সি ভিসার শর্ত শিথিল, স্মার্ট মেডিকেল ভিসা চালুসহ একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে ইবোলা সংক্রমণের ঝুঁকিতে থাকা কয়েকটি দেশের নাগরিকদের জন্য সাময়িক ভিসা নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে।
শনিবার (৪ জুলাই) প্রকাশিত খালিজ টাইমসের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ২০২৬ সালে আমিরাতে প্রবেশ ও বসবাসসংক্রান্ত নীতিতে বড় ধরনের সংস্কার আনা হয়েছে। এর লক্ষ্য আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করা, বিদেশি বিনিয়োগ বাড়ানো এবং দেশটিকে বৈশ্বিক পর্যটন ও স্বাস্থ্যসেবার অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তোলা।
সম্প্রসারিত হলো অন-অ্যারাইভাল ভিসা
সংযুক্ত আরব আমিরাতের পরিচয়, নাগরিকত্ব, শুল্ক ও বন্দর নিরাপত্তাবিষয়ক ফেডারেল কর্তৃপক্ষ (আইসিপি) অন-অ্যারাইভাল ভিসার আওতা আরও বিস্তৃত করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন, কেনিয়া ও দক্ষিণ আফ্রিকার নাগরিকরা এখন ১৪ ও ৬০ দিনের অন-অ্যারাইভাল ভিসার জন্য আবেদন করতে পারবেন।
এর আগে এ সুবিধা মূলত ভারতীয় নাগরিকদের জন্য সীমিত ছিল। এছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর পাশাপাশি সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও কানাডার নাগরিকরাও এ সুবিধার আওতায় থাকবেন।
৪৮ ঘণ্টার মধ্যেই পর্যটন ভিসা
দুবাইয়ে ভ্রমণ আরও সহজ করতে নতুন দ্রুতগতির পর্যটন ভিসা চালু করা হয়েছে। দুবাইয়ের জেনারেল ডিরেক্টরেট অব আইডেন্টিটি অ্যান্ড ফরেনার্স অ্যাফেয়ার্স (জিডিআরএফএ) জানিয়েছে, অনুমোদিত পর্যটন প্রতিষ্ঠানের মাধ্যমে আবেদন করলে সর্বোচ্চ ৪৮ ঘণ্টার মধ্যে একবার প্রবেশের ট্যুরিস্ট ভিসা পাওয়া যাবে। এ ভিসার মেয়াদ হবে ৩০ থেকে ৬০ দিন।
রেসিডেন্সি ভিসায় শর্ত শিথিল
বিদেশি বিনিয়োগকারীদের জন্য দুই বছর মেয়াদি রেসিডেন্সি ভিসার নিয়মেও পরিবর্তন আনা হয়েছে। আগে ব্যক্তিগত মালিকানাধীন সম্পত্তির ন্যূনতম মূল্য সাড়ে সাত লাখ দিরহাম হওয়া বাধ্যতামূলক ছিল। নতুন নিয়মে সেই শর্ত তুলে দেওয়া হয়েছে। এখন আবেদনকারীর নামে আমিরাতে একক মালিকানাধীন সম্পত্তি থাকলেই আবেদন করা যাবে।
তবে যৌথ মালিকানার ক্ষেত্রে আবেদনকারীর অংশের সম্পদের মূল্য কমপক্ষে চার লাখ দিরহাম হতে হবে।
অতিরিক্ত অবস্থানের জরিমানা মওকুফ
আঞ্চলিক আকাশসীমা বন্ধ এবং ফ্লাইট বিঘ্নিত হওয়ায় নির্ধারিত সময়ের বেশি অবস্থান করা বিদেশি দর্শনার্থীদের জন্য ৩০ দিনের জরিমানা মওকুফ করেছে আমিরাত সরকার।
কর্তৃপক্ষ জানিয়েছে, সংশ্লিষ্ট ভিসাধারীদের আগামী ৯ জুলাইয়ের মধ্যে আবেদন করে অবস্থান বৈধ করতে হবে। অন্যথায় ওই সময়ের মধ্যেই দেশ ত্যাগ করতে হবে।
আসছে স্মার্ট মেডিকেল ভিসা
চিকিৎসাসেবাকে আরও আধুনিক ও সমন্বিত করতে 'স্মার্ট মেডিকেল ভিসা' চালুর উদ্যোগ নিয়েছে আমিরাত। এ লক্ষ্যে দুবাইয়ের জেনারেল ডিরেক্টরেট অব আইডেন্টিটি অ্যান্ড ফরেনার্স অ্যাফেয়ার্স এবং দুবাই হেলথ অথরিটির মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে।
নতুন ব্যবস্থায় রোগীরা ভিসা, চিকিৎসা, রেসিডেন্সি এবং চিকিৎসা-পরবর্তী সেবাসহ প্রয়োজনীয় সব সুবিধা একটি সমন্বিত প্ল্যাটফর্মের মাধ্যমে পাবেন।
ইবোলা ঝুঁকিতে তিন দেশের ভিসা স্থগিত
অন্যদিকে, ইবোলা ভাইরাসের বিস্তার ঠেকাতে গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো, উগান্ডা ও দক্ষিণ সুদানের নাগরিকদের জন্য নতুন ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করেছে সংযুক্ত আরব আমিরাত।
জাতীয় জরুরি সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনসিইএমএ) এবং আইসিপি জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষায় অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ২০২৬ সালের ৬ জুন থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে।