এখন সময় ডেস্ক • প্রকাশিত: ০৭ নভেম্বার ২০২৫, ০৭:১২ এ এম • অনলাইন সংস্করণ

আফগানদের জার্মান ভিসা বাতিল, নগদ অর্থে ফেরার প্রস্তাব

আফগানদের জার্মান ভিসা বাতিল, নগদ অর্থে ফেরার প্রস্তাব

জার্মান সরকার পাকিস্তানে আটকে থাকা আফগান নাগরিকদের নগদ অর্থের প্রস্তাব দিয়েছে—শর্ত হলো, তারা যেন জার্মানিতে অভিবাসনের প্রচেষ্টা ত্যাগ করে। এই প্রস্তাবটি মূলত সেই আফগানদের জন্য, যারা একসময় আফগানিস্তানে জার্মান বাহিনীর সঙ্গে কাজ করেছেন বা তালেবান শাসনের অধীনে নির্যাতনের ঝুঁকিতে আছেন বলে বিবেচিত।

দীর্ঘদিন ধরে প্রায় দুই হাজার আফগান নাগরিককে এই বিশেষ পুনর্বাসন কর্মসূচির আওতায় জার্মানিতে স্থানান্তরের অনুমোদন দেওয়া হয়েছে। তবে অনেকেই মাসের পর মাস, এমনকি বছরের পর বছর ধরে পাকিস্তানে আটকে আছেন। কিন্তু জার্মানির রক্ষণশীল চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ চলতি বছরের মে মাসে এই কর্মসূচি স্থগিত করেন, অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর অবস্থান প্রদর্শনের লক্ষ্যে।

জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডোব্রিন্ড বুধবার এক বিবৃতিতে বলেন, “যেহেতু আমরা ধরে নিচ্ছি যে এই মানুষদের জার্মানিতে প্রবেশের সুযোগ নেই, তাই তাদের কিছু বিকল্প প্রস্তাব দেওয়া যুক্তিযুক্ত। এর মধ্যে রয়েছে স্বেচ্ছায় আফগানিস্তান বা অন্য কোনো তৃতীয় দেশে ফেরার জন্য আর্থিক সহায়তা।” তিনি জানান, সাম্প্রতিক দিনগুলোতে এই প্রস্তাবগুলো পাঠানো হয়েছে, তবে অর্থের পরিমাণ বা প্রস্তাবপ্রাপ্ত ব্যক্তির সংখ্যা প্রকাশ করা হয়নি।

মন্ত্রী আরও বলেন, যেসব আফগান ইতিমধ্যে জার্মানিতে প্রবেশের জন্য আইনত অনুমোদন পেয়েছেন, তারা নিরাপত্তা যাচাই সাপেক্ষে প্রবেশ করতে পারবেন, কিন্তু অন্যদের আর অনুমতি দেওয়া হবে না।

জার্মান সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, প্রস্তাবিত অর্থের পরিমাণ কয়েক হাজার ইউরো পর্যন্ত হতে পারে। প্রথম কিস্তি পাকিস্তানেই দেওয়া হবে, পরবর্তী অর্থ প্রদান করা হবে আফগানিস্তান বা অন্য দেশে ফেরার পর।

সংবাদ সংস্থা ডিপিএ জানিয়েছে, এই প্রস্তাব পাকিস্তানে থাকা আফগানদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। অনেকে হতাশা প্রকাশ করে বলছেন, “আমরা দুই বছর ধরে এখানে অপেক্ষা করছি, আর এখন আমাদের এমন এক লজ্জাজনক প্রস্তাব দেওয়া হচ্ছে, যা আমাদের ভবিষ্যত ও সন্তানদের নিরাপত্তা বিপন্ন করছে।”

এই পুনর্বাসন কর্মসূচির আওতায় কেবল প্রাক্তন স্থানীয় কর্মচারীরাই নন, বরং তালেবান সরকারের হাতে নিপীড়নের আশঙ্কায় থাকা আইনজীবী, সাংবাদিক এবং মানবাধিকারকর্মীরাও ছিলেন।

ডিপিএ আরও জানিয়েছে, মঙ্গলবার রাতে পাকিস্তান থেকে ৩১ জন আফগান জার্মানির হ্যানোভার শহরে পৌঁছেছেন। তারা সেই ব্যক্তিরা, যাদের প্রবেশ নিশ্চিত করতে জার্মান আদালত সরকারের বিরুদ্ধে আইনি বাধ্যবাধকতা আরোপ করেছিল।

যদিও পুরো কর্মসূচি এখন স্থগিত, কিছু আফগান আদালতের মাধ্যমে তাদের “জার্মানিতে প্রবেশের অধিকার” কার্যকর করতে সক্ষম হয়েছেন।

সূত্র: ডিপিএ, আর জাজিরা