এখন সময় ডেস্ক • প্রকাশিত: ০৬ জানুয়ারী ২০২৬, ০৯:১৯ পিএম • অনলাইন সংস্করণ

আদালতে মাদুরো ও লাতিন আমেরিকায় মার্কিন সামরিক অভিযানের নতুন হুমকি

আদালতে মাদুরো ও লাতিন আমেরিকায় মার্কিন সামরিক অভিযানের নতুন হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ভেনেজুয়েলায় নাটকীয় সামরিক অভিযানের পর এবার কারাবন্দী নেতা নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের আদালতে হাজির করার প্রস্তুতি চলছে। এই ঘটনাকে কেন্দ্র করে লাতিন আমেরিকা অঞ্চলে যুদ্ধের দামামা বেজে উঠেছে এবং ট্রাম্প প্রশাসন নতুন করে আরও হামলার হুমকি দিয়েছে।

সোমবার যুক্তরাষ্ট্রের একটি আদালতে মাদুরোকে ‘মাদক-সন্ত্রাসবাদ’ বা নার্কো-টেররিজমের অভিযোগে কাঠগড়ায় দাঁড় করানো হবে। গত শনিবার কারাকাসে এক দুঃসাহসিক কমান্ডো অভিযানে তাকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যায় মার্কিন বাহিনী। ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মাদুরোকে বিচারের মুখোমুখি হতে হবে এবং ভেনেজুয়েলার ওপর ওয়াশিংটনের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত চাপ অব্যাহত থাকবে।

এদিকে এই অভিযানকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছে রাশিয়া, চীন ও লাতিন আমেরিকার একাধিক দেশ। তবে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যারা যুক্তরাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে যাবে তাদের ফলাফল মাদুরোর মতোই হবে। তিনি আরও ইঙ্গিত দিয়েছেন যে, ভেনেজুয়েলার তেল সম্পদ এখন থেকে মার্কিন তদারকিতে থাকবে।

ভেনেজুয়েলার ভেতরে বর্তমানে চরম বিশৃঙ্খলা বিরাজ করছে। সুপ্রিম কোর্ট ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তীকালীন দায়িত্ব দিলেও রাজপথে মাদুরোপন্থী ও বিরোধী শিবিরের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। প্রতিবেশী কলম্বিয়া ও ব্রাজিল সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে এবং লাতিন দেশগুলোর জোট এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জরুরি বৈঠক ডেকেছে।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই আগ্রাসী নীতি কেবল ভেনেজুয়েলা নয়, বরং কিউবা ও নিকারাগুয়ার মতো দেশগুলোর জন্যও বড় সতর্কবার্তা। হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে, যদি আঞ্চলিক স্থিতিশীলতা বিঘ্নিত হয় তবে যুক্তরাষ্ট্র আরও সামরিক পদক্ষেপ নিতে দ্বিধা করবে না।