রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। তার চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তিনি অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে এবং নিয়মিত ডায়ালাইসিস করানো হচ্ছে। চিকিৎসকদের মতে, ডায়ালাইসিস বন্ধ করলেই তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটছে।
চিকিৎসা বোর্ডের সদস্য ডা. জিয়াউল হক ও ডা. জাফর ইকবাল জানিয়েছেন, বেগম জিয়ার বয়স ও দীর্ঘদিনের একাধিক জটিল রোগের কারণে চিকিৎসা প্রক্রিয়া অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। তার ফুসফুস, হৃদযন্ত্র ও কিডনির সমস্যা প্রকট আকার ধারণ করেছে। ৩০ জন দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত বোর্ড প্রতিদিন তার স্বাস্থ্য পরীক্ষা ও পর্যালোচনা করছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা বর্তমানে ওঠানামা করছে এবং তাকে সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট ও জ্বরসহ বিভিন্ন সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। অবস্থার অবনতি হলে ২৭ নভেম্বর তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়। এদিকে লন্ডন থেকে ফেরার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিয়মিত হাসপাতালে গিয়ে মায়ের পাশে সময় কাটাচ্ছেন। সোমবার রাতেও তিনি হাসপাতাল পরিদর্শনে যান এবং দেশবাসীর কাছে মায়ের সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেন। দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস ও লিভারের জটিলতাসহ নানা রোগে ভুগছেন প্রবীণ এই রাজনৈতিক নেত্রী।